
২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি—এই দীর্ঘ ১৭ বছরে দেশের স্থানীয় সরকার খাতে ২৭ হাজার ৮৫৯ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনকাল এবং অন্তর্বর্তী সরকারের সময়কাল যুক্ত করে স্থানীয় সরকার বিভাগের গঠিত ৭ সদস্যের একটি উচ্চপর্যায় তদন্ত কমিটি এই অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে। সম্প্রতি অধিকতর নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।
তদন্তে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ঢাকা ওয়াসার ৬৬টি খাতের বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের তথ্য উঠে এসেছে।
এলজিইডি ও ওয়াসার অনিয়ম: পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উন্নয়ন প্রকল্পে ৬ হাজার কোটি টাকার অনিয়ম পেয়েছে কমিটি। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে প্রায় ১৪২ কোটি টাকা এবং ঢাকা ওয়াসার নিয়োগ ও ক্রয় প্রক্রিয়ায় নানা অনিয়মের চিত্র প্রতিবেদনে স্থান পেয়েছে।
সিটি করপোরেশনগুলোতে হরিলুট: ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, গাজীপুর, বরিশাল, রংপুর, খুলনা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে রাজস্ব আদায়, ভ্যাট-কর সরকারি কোষাগারে জমা না দেওয়া, ঠিকাদারি বিল পরিশোধে অনিয়ম এবং মার্কেট ও দোকান ভাড়া বাবদ শত শত কোটি টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্যাট না দেওয়ার ঘটনায় প্রায় সাড়ে ১১ কোটি টাকার আর্থিক ক্ষতির কথা বলা হয়েছে। এছাড়া খুলনা সিটি করপোরেশনে আউটসোর্সিং শ্রমিকদের বেতনের নামে ১১ কোটিরও বেশি টাকা তছরুপ হয়েছে।
সাবেক মন্ত্রী, মেয়র ও জনপ্রশাসকদের সম্পৃক্ততা: প্রতিবেদনে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও মো. তাজুল ইসলামের পাশাপাশি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৭ হাজার ৫০০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের কথা বলা হয়েছে। এছাড়াও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার দুর্নীতি, ঢাকা উত্তর ও দক্ষিণের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। আলোচিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের বিষয়টিও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঠিকাদারি জরিমানায় অনিয়ম: প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় নির্ধারিত সময়ে কাজ শেষ না করা শতাধিক ঠিকাদারের প্রায় ৫৮ কোটি টাকার বিলম্বজনিত জরিমানা মওকুফ বা আদায় না করার বড় ধরনের আর্থিক অনিয়মের সত্যতা মিলেছে।
তদন্ত কমিটি এই বিশাল অংকের আর্থিক ক্ষতি এবং অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দুদকের মাধ্যমে অধিকতর তদন্ত, কঠোর বিভাগীয় ব্যবস্থা এবং আইনগত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।
নিজস্ব প্রতিবেদক 


















