
দেশে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না বলে সতর্ক বার্তা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি স্পষ্ট করে জানান, বর্তমান সরকার অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং একে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ওলামা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে। একই সঙ্গে হাদির হত্যাকারীরা যেখানে আশ্রয় পেয়েছে, সেখান থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেন। তবে সরকার সব ধরনের অপচেষ্টা নস্যাৎ করতে সম্পূর্ণ সতর্ক রয়েছে।
সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গেই ধারাবাহিক আলোচনা চলছে। সকলের মতামত বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া ধর্মীয় ব্যক্তিত্বদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, খতিব ও পুরোহিতদের জন্য ভাতার সুব্যবস্থা করা হয়েছে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে বিএনপি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
অনলাইন ডেস্ক 

























