
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দরবৃদ্ধির যে প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট করেছেন, সামগ্রিক বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেই সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি বাজারে বোতলজাত সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। এ সুযোগেই ভোজ্যতেলের দাম পুনর্বিন্যাসের দাবি তোলেন ব্যবসায়ীরা। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে মন্ত্রী জানান, ব্যবসায়ীদের চাহিদামতো দাম বাড়ানো হবে না; বরং সার্বিক জনস্বার্থ ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ব্যবসা-বাণিজ্যে এর প্রভাব নিয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো নেতিবাচক প্রভাব দেশি ও বিদেশি বিনিয়োগের ওপর না পড়ে, সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি রাখছে।
এর আগে সকালে সিলেট সদরের কানিশাইল এলাকায় ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের অধীনে সুরমা নদীর ডানতীরের প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।
অনলাইন ডেস্ক 
























