
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম এসেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানান, তদন্তে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজ ও অপরাধীদের তালিকা হালনাগাদ করে পুলিশি অভিযান জোরদার করা হচ্ছে। জমি দখল বা চাঁদাবাজিতে জড়িতদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। তবে ঢালাওভাবে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দেওয়াকে জনগণ ভালোভাবে নেবে না বলেও তিনি সতর্ক করেন।
অনলাইন ডেস্ক 
























