
নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর পারের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে এলাকায় হঠাৎ ঝড়ো বাতাস, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হয়। রোহান বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, বজ্রপাতে এক শিশুর প্রাণহানির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

























