
জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সম্পদ আকন্দ (৯) নামে প্রথম শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার ঝালুপাড়া এলাকায় ভাজন ডাক্তারের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্পদ ভুরার বাড়ী গ্রামের ছাগল ব্যবসায়ী আবুল আকন্দের একমাত্র ছেলে এবং মারকাজুত তাওহীদ ওয়া সুন্নাহ মডেল মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা ছুটির পর বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে সে পুকুরে গোসল করতে নামে। এ সময় পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক 

























