
বৈশ্বিক অস্থিরতার জেরে জ্বালানি খাতে তৈরি হওয়া বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে বিশ্বব্যাংকের কাছে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভার প্রাক্কালে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে দেশকে জ্বালানি খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এই চাপ কাটিয়ে উঠতে এক ধরনের আর্থিক সুরক্ষার প্রয়োজন রয়েছে, যা নিয়ে বর্তমানে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। সংস্থাটি এই বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক শুধু প্রচলিত তহবিলের মধ্যে সীমিত নয়; বরং বৈশ্বিক সংকট উত্তরণেও সংস্থাটির সহযোগিতা কামনা করা হচ্ছে। দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে, যা পারস্পরিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে। এছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারের লক্ষ্যের সঙ্গে এই উদ্যোগগুলোর সমন্বয় রেখে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
অনলাইন ডেস্ক 
























