
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ সব কারাবন্দি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, বিচারিক রায় বাতিল এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সূত্র জানায়, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মন্ডল।
মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, রাকিব মন্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান সংগঠক আনোয়ার হোসেন মন্ডল। তিনি অবিলম্বে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান।
অনলাইন ডেস্ক 

























