
বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে শিরোপার লড়াইয়ে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২৮-১৬ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ও অপরাজিত পারফরম্যান্সের সুবাদে শিরোপা ঘরে তোলে ভারতীয় দল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত এই ফাইনালে ম্যাচের শুরুর ১০ মিনিট দুই দলের মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। তবে সময়ের সাথে সাথে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ভারত। প্রথমার্ধেই ১৪-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে নিজেদের জয় ও শিরোপা নিশ্চিত করে সফরকারীরা।
টুর্নামেন্টের প্রাথমিক পর্বে ভারতের কাছে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ফাইনাল ম্যাচে আগের সেই বড় ব্যবধান ঘুচিয়ে ভারতের বিপক্ষে বেশ ভালোই লড়াই করেছে স্বাগতিক লাল-সবুজের প্রতিনিধিরা।
গত ১৮ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত ছাড়াও নেপাল এবং মালদ্বীপ অংশ নিয়েছিল। ধারাবাহিক ও শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে ভারত শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা দলের মুকুট পরে।
অনলাইন ডেস্ক 

























