
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণভাগ ‘এমএসএন’ (মেসি-সুয়ারেজ-নেইমার) ত্রয়ীর কল্যাণে বার্সেলোনার হয়ে জেতা ট্রেবল এবং ২০১৫ সালের সেই সোনালি দিনগুলোর কথা বার্সা ভক্তরা আজও পরম আদরে স্মরণ করেন। ন্যু ক্যাম্পে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে নেইমারের পারফরম্যান্স ভক্তদের উপহার দিয়েছিল অবিস্মরণীয় সব মুহূর্ত। তবে বার্সেলোনা ছাড়ার বহু বছর পর নিজের ক্যারিয়ার নিয়ে করা এক মন্তব্যে বার্সা সমর্থকদের মনে গভীর হতাশার জন্ম দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
স্প্যানিশ দৈনিক স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) কাটানো সময়ের তুলনা করতে গিয়ে পিএসজিতে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সকেই এগিয়ে রেখেছেন নেইমার।
কনটেন্ট ক্রিয়েটর দাবু জেনেইক্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে নেইমার বলেন, “আমি জানি মানুষ বার্সেলোনায় কাটানো আমার সময়টাকে মনে রেখেছে, কিন্তু খেলোয়াড় হিসেবে আমার সেরা সময়টা কেটেছে প্যারিসে। সেখানে নিজেকে অনেক শক্তিশালী, ক্ষিপ্র এবং চতুর মনে হয়েছে।”
অথচ বার্সেলোনার জার্সিতে চার মৌসুমের পারফরম্যান্সই তাকে ইউরোপের অন্যতম সৃজনশীল ও ভয়ংকর ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। যেখানে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ঠিক পরেই তার অবস্থান বিবেচনা করা হতো। কিন্তু দলীয় সাফল্য বা বার্সার ঐতিহাসিক অর্জনের চেয়ে ফরাসি ক্লাব পিএসজিতে নিজের ব্যক্তিগত ফিটনেস ও পারফরম্যান্সের ওপরই বেশি জোর দিলেন তিনি।
এদিকে, একই সাক্ষাৎকারে ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ফুটবলকে পুরোপুরি বিদায় জানানোর ইচ্ছার ইঙ্গিতও দিয়েছেন নেইমার। পাশাপাশি তিনি অবাক করার মতো এক তথ্য জানিয়ে বলেছেন যে, সাধারণ ফুটবল ম্যাচ দেখতে তার মোটেও ভালো লাগে না। এল ক্লাসিকোর ঠিক আগ মুহূর্তে নেইমারের এই বিস্ফোরক মন্তব্য বিশ্বজুড়ে থাকা বার্সেলোনা সমর্থকদের দারুণভাবে আহত করেছে।
অনলাইন ডেস্ক 

























