
দিনাজপুরের বিরলে পুনর্ভবা নদীতে নৌকাডুবির ঘটনায় পরিবারকে বাঁচাতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন আফজাল হোসেন (৫৫) নামের এক কৃষক। নিজের জীবনের মায়া ত্যাগ করে স্ত্রী ও দুই নাতিকে নিরাপদে তুলে দিলেও শেষ পর্যন্ত আর বাঁচা হলো না তাঁর এই বীর পিতাকে। তাঁর এমন আত্মত্যাগে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আফজাল হোসেন বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধুলাতৈড় ডাঙ্গাপাড়া গ্রামের মোহাম্মদ গেদুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বুজরুক বসন্তপুর মাদ্রাসা সংলগ্ন পুনর্ভবা নদী ডিঙি নৌকায় পার হচ্ছিলেন আফজাল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী তারা বেগম এবং দুই নাতি—মেয়ের ছেলে আলিফ (৮) ও ছেলের ছেলে সিয়াফ (৫)। নদী পার হয়ে বাড়ি ফেরার পথেই মাঝনদীতে হঠাৎ ডুবে যায় নৌকাটি।
মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যেতে শুরু করেন সবাই। এ বিপদের মুহূর্তে নিজের কথা না ভেবে স্ত্রী ও দুই নাতিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন আফজাল হোসেন। মৃত্যুর সঙ্গে লড়াই করে দুই নাতিকে শক্তহাতে আগলে রাখেন এবং স্ত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালান। তাঁর আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় স্ত্রী ও দুই নাতিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, পরিবারের সদস্যদের বাঁচানোর এই লড়াইয়ে ক্লান্ত আফজাল হোসেন পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় ডুবুরি দলের সদস্য খাদেমুল ইসলাম দুপুর ১২টার দিকে আফজাল হোসেনের মরদেহ উদ্ধার করেন।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে বিরল থানা-পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
অনলাইন ডেস্ক 
























