
গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে আব্দুস সামাদ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন আনোয়ার হোসেন। বাড়ি ফিরেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে অহেতুক বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার আরও চড়াও হন এবং লাঠি দিয়ে তার বাবার মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন।
পরিবারের সদস্যরা আব্দুস সামাদকে দ্রুত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে।
অনলাইন ডেস্ক 

























