
এবিজি ইউনিভার্সিটি কাপে ব্র্যাক ইউনিভার্সিটির বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ওপেনার আকাশ ও রাকিব আহমেদ। সোমবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই তরুণের দায়িত্বশীল ও ঝড়ো ব্যাটিংয়ে ব্র্যাকের সামনে ২১৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে স্কলার্স।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পসরা সাজান আকাশ ও রাকিব। বিশেষ করে পাওয়ার প্লেতে ব্র্যাকের বোলারদের ওপর চড়াও হয়ে রান তোলার গতি বাড়িয়ে দেন আকাশ। বিধ্বংসী এই ইনিংসে ২৫৭.১৪ স্ট্রাইকরেটে মাত্র ৭২ রান করেন তিনি। দলীয় ৯১ রানের মাথায় আউট হওয়ার আগে তার এই ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি বিশাল ছক্কার মার।
আকাশ ফিরে যাওয়ার পর স্কলার্সের ইনিংসে কিছুটা ধীরগতি আসলেও একপ্রান্ত আগলে রেখে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন আরেক ওপেনার রাকিব আহমেদ। চতুর্থ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে ৪০ বল খেলে ৬৩ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ২টি চার ও ৫টি ছক্কায়। মাঝে দলের উইকেট নিয়মিত বিরতিতে পতন ঘটলেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২১৫ রানের বড় পুঁজি পায় ইউনিভার্সিটি অব স্কলার্স।
ব্র্যাক ইউনিভার্সিটির বোলিং ইনিংসে সফল বোলারদের মধ্যে দেবজ্যোতি ও নাফিস ২টি করে উইকেট শিকার করেন।
অনলাইন ডেস্ক 

























