
আসন্ন ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন তারা। দিচ্ছেন নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি এবং তুলে ধরছেন নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্তই কেবল প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে শেষ হবে সব ধরনের প্রচার-প্রচারণা। ফলে শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।
এবারের উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন:
মির্জা ফয়সল আমিন (বিএনপি – ধানের শীষ)
মো. দেলাওয়ার হোসেন (জামায়াতে ইসলামী – দাঁড়িপাল্লা)
মো. আবদুল আলীম নিজামী (বাংলাদেশ খেলাফত আন্দোলন – বটগাছ)
হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা)
হুসাই মুহাম্মদ ওমর ফারুক (বাংলাদেশ কংগ্রেস – ডাব)
পারা-মহল্লা, হাটবাজার থেকে শুরু করে প্রতিটি অলিতে-গলিতে চলছে প্রার্থীর পক্ষে মিছিল, পথসভা ও নির্বাচনী বৈঠক। ভোটারদের সমর্থন নিজেদের পক্ষে টানতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তৎপর রয়েছে প্রশাসন। ঠাকুরগাঁও-১ আসনে নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নজরদারি বাড়াতে ড্রোন ও ডগ ইউনিটও মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর ইভিএম বা ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হবে। এখন কেবল ভোটের দিনের অপেক্ষায় রয়েছেন সাধারণ ভোটাররা।
অনলাইন ডেস্ক 
























