
বিদেশ থেকে সরাসরি মোংলা বন্দরে মোলাসেস বা চিটাগুড় আমদানির ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়া থেকে ৮ হাজার ২৫০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি হাই-হং’ মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর নাগাদ জাহাজটি জেটিতে ভেড়ার পর বিকেল থেকেই লাইটার জাহাজে করে পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাসকৃত এসব চিটাগুড় পরবর্তীতে ট্যাংকে সংরক্ষণ করে ট্রেনযোগে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। এটি বিদেশ থেকে মোংলা বন্দরে মোলাসেস আমদানির চতুর্থ চালান।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম জানান, গোখাদ্যের উপকরণ হিসেবে উত্তরাঞ্চলজুড়ে চিটাগুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের আখকলগুলোর উৎপাদনে এই চাহিদা মেটানো সম্ভব না হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। মোংলা বন্দর দিয়ে ২০২৪ সাল থেকে নিয়মিত এই পণ্য আমদানি করা হচ্ছে।
তবে বন্দর পরিচালনায় কিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। নাব্যতা সংকটের কারণে বড় জাহাজ সরাসরি বন্দরে আনা সম্ভব হচ্ছে না উল্লেখ করে নাবিল ইসলাম বলেন, দীর্ঘদিন অপেক্ষা করে ছোট আকারের জাহাজের ব্যবস্থা করে এই আমদানি কার্যক্রম চালাতে হচ্ছে। নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে বন্দরের নাব্যতা বৃদ্ধি ও তা রক্ষা করা গেলে বড় জাহাজ ভিড়তে পারবে, যা আমদানি-রপ্তানি ব্যয় ও সময় দুটোই কমাতে সাহায্য করবে।
মোংলা প্রতিনিধি 
























