
ময়মনসিংহ অঞ্চলে গত তিন বছরে সংঘটিত পাঁচ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং পেশাগত নিরাপত্তার দাবিতে নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছেন সাংবাদিকেরা। লাগাতার হত্যাকাণ্ড, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগের মুখে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সাত দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
আগামী ২ নভেম্বর নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর পর্যায়ক্রমে জামালপুর জেলা ও ময়মনসিংহ নগরীতেও কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
চলমান এই আন্দোলনের মূল কেন্দ্রে রয়েছেন গত তিন বছরে প্রাণ হারানো পাঁচ সংবাদকর্মী:
লুৎফুজ্জামান আলিফ ফকির (দুর্গাপুর, নেত্রকোনা)
গোলাম রব্বানী নাদিম (বকশীগঞ্জ, জামালপুর)
শেলু আকন্দ (জ্যেষ্ঠ সাংবাদিক, জামালপুর)
আসাদুজ্জামান তুহিন (স্টাফ রিপোর্টার, দৈনিক প্রতিদিনের কাগজ, গাজীপুর)
স্বপন ভট্টাচার্য (ময়মনসিংহ নগরী)
নেপথ্য কারণ ও তদন্তে বিশেষ কমিটি
প্রতিটি হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ, হামলাকারী ও পরিকল্পনাকারীদের পরিচয় এবং মামলার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জোরালো দাবি উঠেছে। বিশেষ করে সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিক আগে হুমকি পেয়েছিলেন কি না এবং প্রশাসন কী ব্যবস্থা নিয়েছিল—তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি জ্যেষ্ঠ সাংবাদিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে চার জেলার পাঁচটি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া ও হুমকির ঘটনায় পুলিশের পদক্ষেপ নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রথম ধাপ: আগামী ২ নভেম্বর সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন।
যাতায়াত ব্যবস্থা: ময়মনসিংহের সাংবাদিকদের অংশগ্রহণের জন্য ওই দিন সকাল ১০টায় পাটগুদাম ব্রিজ মোড় থেকে দুটি বাস ছেড়ে যাবে। এছাড়া বিভাগের অন্যান্য জেলা-উপজেলা থেকেও সাংবাদিকেরা নিজস্ব ব্যবস্থাপনায় যোগ দেবেন।
সংগঠনটির চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক জানান, সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা চরম ঝুঁকিতে পড়বে। তাই দল-মত নির্বিশেষে সব সাংবাদিক সংগঠনকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























