
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিজ কার্যালয়ে মারধরের ঘটনায় ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর (শোবিজ) নোটিস দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিএনপিপন্থী চিকিৎসকদের এই সংগঠনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। ডা. জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির অফিস কক্ষে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অধ্যাপক জাকি গণমাধ্যমকে জানান, “আমার এখানে হামলা হয়েছে। এটি একটি সরকারি অফিস। যেহেতু সরকারি অফিসে হামলা হয়েছে, সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে।”
ঘটনার পর ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল মন্তব্য করেছিলেন যে, হামলাকারী ও ভুক্তভোগী উভয়েই ড্যাবের আজীবন সদস্য এবং বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সংগঠনের নাম বা প্রভাব ব্যবহার করে এমন ঘটনা ঘটানো হলে ড্যাব জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সেই হুশিয়ারির পরই ডা. জাহিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় সংগঠনটি। ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সই করা কারণ দর্শানোর নোটিসে বলা হয়, আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হলো। পাশাপাশি, কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর তার যথাযথ জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক 

























