
আইপিএলের আগামী আসরকে সামনে রেখে অধিনায়কত্বে বড় পরিবর্তনের পথে হাঁটছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে সাবেক সফল অধিনায়ক রোহিত শর্মাকে আবারো দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে হিটম্যান-খ্যাত এই তারকা ওপেনার সেই প্রস্তাবে সায় দেননি।
গত মৌসুমে গুজরাট টাইটান্স থেকে মোটা অঙ্কের বিনিময়ে হার্দিককে ফিরিয়ে এনে অধিনায়কের দায়িত্ব দেয় আম্বানিদের দলটি। কিন্তু তার অধীনে প্রত্যাশিত সাফল্য পায়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। গুঞ্জন রয়েছে, হার্দিককে দলে নেওয়ার জন্য ইতিমধ্যে কেকেআরসহ অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাচ্ছে। সামনের মৌসুমে তিনি মুম্বাইয়ে থাকলেও কেবল খেলোয়াড় হিসেবেই খেলবেন, অধিনায়কত্ব থাকছে না তা অনেকটাই নিশ্চিত।
রোহিত না করায় এখন নেতৃত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন দুই তারকা ক্রিকেটার—জশপ্রীত বুমরাহ এবং তরুণ তুর্কি তিলক বর্মা।
-
জশপ্রীত বুমরাহ: শুরু থেকেই মুম্বাইয়ের প্রধান পেস হাতিয়ার হিসেবে অবদান রাখছেন। জাতীয় দল ও মুম্বাইকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও তার চোটের প্রবণতা ম্যানেজমেন্টের মূল দুশ্চিন্তার কারণ।
-
তিলক বর্মা: দলের দীর্ঘমেয়াদি সুবিধার কথা ভেবে তরুণ এই অলরাউন্ডারের ওপর বাজি ধরতে পারে মুম্বাই। ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তিলকের ওপর প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগরকারের পূর্ণ আস্থা রয়েছে।
সব মিলিয়ে ভবিষ্যতের কথা মাথায় রেখে বুমরাহর চেয়ে তরুণ তিলক বর্মার হাতেই মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়কের ব্যাটন ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি।
অনলাইন ডেস্ক 

























