দেশে বিনিয়োগ সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম)। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের আমলে দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে বলে মন্তব্য করেন অলি আহমেদ। তিনি জানান, নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ৮০ হাজার মানুষের চাকরি চলে গেছে। পুরোনো কর্মীদেরও ছাঁটাই করা হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়লেও মানুষের আয় না বাড়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে বলে উল্লেখ করেন তিনি।
বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ন্যায়বিচার পেলেও সাধারণ বা বাইরের মানুষ বঞ্চিত হচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি নিজের ছেলের একটি মামলার প্রসঙ্গ টেনে বলেন, সামান্য প্রক্রিয়াগত বিষয়ের জন্যও এক বছর ধরে অপেক্ষা করতে হচ্ছে।
অন্যদিকে ব্যাংকিং খাত সম্পর্কে তিনি বলেন, অনেক ব্যাংক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিচার চাওয়া হলেও, যেসব ব্যাংক মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের অবিলম্বে ব্যাংক পরিচালনার সুযোগ ফিরিয়ে দিয়ে অর্থনীতি ও কর্মসংস্থানে গতি আনার দাবি জানান তিনি।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে (বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত) কর্মরত বাংলাদেশিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান এলডিপি চেয়ারম্যান। দুই-তিন বছর আগে যাওয়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলেও নতুন ওয়ার্ক পারমিট পেতে নানা হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এই সংকট কাটাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদের জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে কর্মীরা ফিরে এলে দেশের অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে অলি আহমেদ বলেন, সাধারণ মানুষ রাতে নিরাপদে ঘুমাতে ও রাস্তায় চলাফেরা করতে পারছে না। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদের রাজনৈতিক নেতাদের পেছনে ছোটার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ইউএনও ও ওসির কাজ সংসদ সদস্যদের পেছনে ঘোরা নয়, বরং নিজ নিজ দাপ্তরিক দায়িত্ব পালন করা।
১৯৯৬ সালের রাজনৈতিক আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি তৎকালীন সমঝোতা প্রস্তাবের প্রসঙ্গ টেনে বর্তমান রাজনৈতিক দলগুলোকে দূরদর্শিতা অর্জনের পরামর্শ দেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, “আপনার আশপাশের কিছু ভুল পরামর্শদাতার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার প্রকৃত শত্রু বিরোধী দল নয়, বরং আপনার চারপাশের অযোগ্য পরামর্শদাতারা।”
সবশেষে দেশের বর্তমান স্থবিরতা কাটাতে দ্রুত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানান এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, মানুষের পেটে ভাত ও চোখে ঘুম নেই—রাজনৈতিক বিরোধ বাদ দিয়ে বর্তমান সরকারকে জনগণের দুর্দশা দূর করা এবং সংস্কার বাস্তবায়নে মনোযোগী হতে হবে।