
জনপ্রিয় নির্মাতা ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই নির্মাতা। একই সঙ্গে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া এবং বিভিন্ন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
শনিবার এক প্রতিক্রিয়ায় ফারুকী জানান, সকালে ঘুম থেকে উঠেই তিনি দেখতে পান তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। দেশের একটি সাইবার অপরাধী চক্র এই অপকর্মের সঙ্গে জড়িত এবং তারা এটি নিয়ে বিভিন্ন গ্রুপে উল্লাস করছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।
বিচ্ছেদের রটনা প্রসঙ্গে এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ওইসব নিউজের ওপর কথা বলার কোনো টাইম নাই, হ্যাভ নো ইন্টারেস্ট। এসবের কোনো ভিত্তি নেই। এসব অপদার্থদের কথায় কান দেওয়ার মত সময় আমার নেই।” এছাড়া অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে স্থাবর সম্পত্তি থাকার অনলাইন গুঞ্জনকে ‘কৌতুকপ্রদ’ উল্লেখ করে তিনি বলেন, এগুলো যে কেউ চাইলে খুব সহজেই যাচাই করে দেখতে পারেন। ভিত্তিহীন অপপ্রচারে নজর না দিয়ে তাকে নিজের নির্মাণকাজ নিয়ে কথা বলার অনুরোধ জানান তিনি।
চলতি কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা:
বর্তমানে ফারুকী দুটি নতুন বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন, যা ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই আরও একটি নতুন বিজ্ঞাপনের কাজ শুরু করবেন। পাশাপাশি সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে দুটি চলচ্চিত্রের চিত্রনাট্য—যার একটি জেন-জি (Gen-Z) প্রজন্মের প্রেমের গল্পের সিনেমা ‘টু হেল, উইথ লাভ’ এবং অন্যটি রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত একটি চলচ্চিত্র।
উল্লেখ্য, দীর্ঘদিনের সফল পথচলার পর ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ২০২২ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।
দৈনিক ভোরের ধ্বনি ডেস্ক 

























