
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বাংলাদেশ যেকোনো দেশের সাথে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
তবে কোনো ধরনের শর্ত সাপেক্ষে কিংবা দেশের স্বার্থ ক্ষুণ্ন করে সম্পর্কের বিষয়ে বাংলাদেশ কখনো আপস করবে না।
বুধবার সকালে দলটির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিবেশী দেশের সম্পর্কের কথা উল্লেখ করে রিজভী বলেন, ভারতের পক্ষ থেকে যদি কোনো স্বার্থহীন ও আন্তরিক বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ আসে, তবে তাকে বাংলাদেশ সাধুবাদ জানাবে।
তবে সেই আমন্ত্রণের পেছনে যদি নির্দিষ্ট কোনো স্বার্থ বা শর্ত জড়িত থাকে, তবে বাংলাদেশ সেদিকে এগোবে না। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সবসময় সমতার ভিত্তিতে সবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায়।
আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক আদর্শের পার্থক্য তুলে ধরে বিএনপি নেতা আরও বলেন, প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা, প্রতারণা ও মিথ্যা আশ্বাস দেওয়া ছিল বিগত আওয়ামী লীগ সরকারের মূল নীতি ও রাজনৈতিক সংস্কৃতি।
অন্যদিকে, নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ও ওয়াদা রক্ষা করাই বিএনপির মূল রাজনৈতিক চর্চা ও কালচার।
অনলাইন ডেস্ক; 






















