
কিশোরগঞ্জের বাজিতপুরে ফসলি জমি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে দুই ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে বাজিতপুর পৌরসভার পৈলানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাদের এ জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন—কৈলাগ গ্রামের আব্বাস আলীর ছেলে আনোয়ার হোসেন এবং পাগলারচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফজর আলী। এর মধ্যে আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা এবং ফজর আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ফসলি জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে ফসলি জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ 






















