
জাতীয় দলের জার্সি তুলে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন জার্মানির অভিজ্ঞ সেন্টার-ব্যাক আন্তোনিও রুডিগার। ৩৩ বছর বয়সী এই ফুটবলার ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর জার্মানির হয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন। মূলত তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ঘোষণা দিয়ে রুডিগার লেখেন, “অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর এবং নতুন প্রজন্মের জন্য পথ সহজ করে দেওয়ার সময় এখনই।”
২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হলেও সে বছর ব্রাজিলে বিশ্বকাপজয়ী জার্মান দলে সুযোগ পাননি রুডিগার। তবে পরবর্তীতে তিনি দলের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ হয়ে ওঠেন।
জাতীয় ফুটবলকে বিদায় জানানোর পর এখন থেকে ক্লাব ফুটবলেই পুরোপুরি মনোনিবেশ করতে চান এই তারকা। বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, “আমার ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে আমার সবটুকু মনোযোগ থাকবে ক্লাবের প্রতি।”
বার্লিনে জন্ম নেওয়া রুডিগার ফুটবল জীবনের পাঠ শুরু করেছিলেন বরুশিয়া ডর্টমুন্ড ও স্টুটগার্টের যুব একাডেমিতে। পরবর্তীতে ইতালির রোমা হয়ে ২০১৭ সালে তিনি যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে, যেখানে ২০২১ সালে জিতে নেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ২০২২ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ২০২৪ সালে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার জোড়া শিরোপা জয়ের স্বাদ পান তিনি।
তবে ক্লাবের সাফল্য পেলেও জাতীয় দলের হয়ে রুডিগারের সময়টা ছিল কিছুটা চড়াই-উৎরাই পূর্ণ। জার্মানির সাম্প্রতিক কঠিন সময়ে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব এবং ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ থেকে দল বিদায় নেয়। প্যারাগুয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটিই হয়ে থাকল জার্মানির জার্সিতে রুডিগারের শেষ স্মৃতি।
অনলাইন ডেস্ক 

























