
জামালপুরে রাজিব পরিবহণের একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—জামালপুর সদর উপজেলার বাইটকামারী গ্রামের জালাল উদ্দিন (৬০) ও সাদ্দাম হোসেন (৩০), তুলসীপুরের মকবুল হোসেন (৬৫) এবং জামালপুর শহরের বজ্রাপুর এলাকার বাসচালকের সহকারী রুবেল মিয়া (৪৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী রাজীব পরিবহণের বাসটি লাহাড়িকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অটোরিকশার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত বাসের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
দুর্ঘটনার পর রাজিব পরিবহণের বেপরোয়া গতির প্রতিবাদ ও দায়ীদের শাস্তির দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। উল্টে যাওয়া বাস ও স্থানীয়দের অবরোধের কারণে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস সড়ক থেকে বাসটি সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেস্ক 

























