
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) ফিরছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। দীর্ঘ ৮ বছর পর টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। আসন্ন ২০২৬-২৭ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে মাঠে নামবেন তিনি।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সেভেন নিউজের তথ্যমতে, প্রায় ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলারের চুক্তিতে স্টোকসকে দলে ভিড়িয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
অ্যাডিলেড দলের বর্তমান কোচের দায়িত্বে আছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন। মাঠের লড়াইয়ে একসময় পরস্পর প্রতিদ্বন্দ্বী থাকলেও এবার পেইনের নির্দেশনায়ই মাঠে নামবেন স্টোকস।
অ্যাডিলেডে যোগ দেওয়া প্রসঙ্গে স্টোকস জানান, অ্যাডিলেড স্ট্রাইকার্সের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। বিশেষ করে অ্যাডিলেড ওভালে খেলার চমৎকার অভিজ্ঞতার কথা স্মরণ করে নতুন সতীর্থদের নিয়ে দলকে জেতাতে নিজের সর্বোচ্চ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে টিম পেইনও সাবেক এই ইংলিশ তারকাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত। স্টোকসকে ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার এবং চাপের মুখে ম্যাচ বের করার কারিগর হিসেবে উল্লেখ করে পেইনের আশা, তার অভিজ্ঞতা দলে নতুন মাত্রা যোগ করবে।
২০১৭-১৮ মৌসুমে সর্বশেষ বিগ ব্যাশে খেলেছিলেন স্টোকস। কাকতালীয়ভাবে, সেই মৌসুমের পর আর শিরোপার মুখ দেখেনি অ্যাডিলেড স্ট্রাইকার্স। এবার স্টোকসের আগমন সেই দীর্ঘ ট্রফি খরা কাটাতে সাহায্য করবে বলেই বিশ্বাস ফ্র্যাঞ্চাইজিটির।
অনলাইন ডেস্ক 

























