
তাওহীদ হৃদয়ের ব্যাটে রচিত হলো দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক এক অধ্যায়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৪৮১ বলে অপরাজিত ৩৫০ রানের এক অতিমানবীয় ইনিংস উপহার দিয়েছেন এই তরুণ ব্যাটার। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরির অভাবনীয় নজির গড়ার পাশাপাশি আরও এক অনন্য রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন হৃদয়।
এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল তামিম ইকবালের দখলে। ২০২০ সালে (২০১৯-২০ বিসিএল মরসুমে) মিরপুরে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিরুদ্ধে অপরাজিত ৩৩৪ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন তামিম। দীর্ঘ দিন ধরে শীর্ষে থাকা তামিমের সেই বিশ্বরেকর্ডকে ছাড়িয়ে এখন সর্বোচ্চ রানের আসনে নিজের নাম খোদাই করলেন তাওহীদ হৃদয়।
হৃদয়ের এই ঐতিহাসিক অর্জনে সোশ্যাল মিডিয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও জাতীয় দলের সাবেক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম লেখেন:
“যেকোনো জায়গায়, যেকোনো পর্যায়ে, যেকোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ। বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে।”
হৃদয়ের এই অর্জনকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় এক ইতিবাচক বার্তা উল্লেখ করে তামিম আরও যোগ করেন:
“ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহীদ হৃদয়। দেশের প্রথম ব্যাটার হিসেবে ৩৫০ স্পর্শ করতে পারা শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।”
হৃদয়ের এই পাহাড়সম ট্রিপল সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল এবং প্রথম ইনিংসে ঝুলিতে পুরে নেয় ১৬৪ রানের বিশাল লিড।
অনলাইন ডেস্ক 

























