
নতুন মৌসুমের শুরুতেই নিজের চেনা রূপ দেখালেন হ্যারি কেইন। জোড়া গোল করে বায়ার্ন মিউনিখকে বড় জয় উপহার দেওয়ার পাশাপাশি জার্মান কাপের ইতিহাসেও নাম লিখিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ম্যাচে ভিএফএল ওসনাব্রুককে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে বায়ার্ন মিউনিখ। আর এই ম্যাচেই অনন্য এক রেকর্ড গড়েন কেইন—জার্মান কাপে টানা সাত ম্যাচে গোল করার কীর্তি।
এত দিন এই রেকর্ডটি যৌথভাবে দখলে ছিল জার্মানির দুই কিংবদন্তি গার্ড মুলার (১৯৬৭–১৯৬৮) এবং টমাস মুলারের (২০১৩–২০১৪)। এবার তাঁদের সঙ্গে একই তালিকায় যোগ দিলেন ইংল্যান্ডের অধিনায়ক।
ম্যাচের শুরুটা অবশ্য বায়ার্নের জন্য সুবিধাজনক ছিল না। খেলা শুরুর মাত্র ৫ মিনিটেই ডি-বক্সের বেশ দূর থেকে নেওয়া এক দর্শনীয় শটে ওসনাব্রুককে এগিয়ে দেন রবিন মেইসনার।
তবে শুরুর ধাক্কা সামলে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাভারিয়ানরা। ১৮তম মিনিটে কেইনের দারুণ গোলে সমতায় ফেরে দল। এটি ছিল চলতি মৌসুমে জার্মান কাপে তাঁর প্রথম গোল। এর ঠিক ছয় মিনিট পর (২৪তম মিনিটে) টম বিশফ গোল করে বায়ার্নকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখে বায়ার্ন। ৭৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন কেইন। এরপর ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে আবারও স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে নিজের জোড়া গোল এবং দলের ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি।
অনলাইন ডেস্ক 

























