
টিপটিপ বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বগুড়ার মোকামতলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) হাজারো ভক্তের আনন্দ-উচ্ছ্বাস, ঢোল-কাঁসর ও হরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে মোকামতলার বিভিন্ন সড়ক।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও মঙ্গল শোভাযাত্রার। এতে মোকামতলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বী নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তদের নৃত্য, হরিনাম সংকীর্তন ও ধর্মীয় সঙ্গীতে সৃষ্টি হয় এক অনন্য উৎসবের আবহ। বৃষ্টিস্নাত পরিবেশেও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। শোভাযাত্রাটি মোকামতলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু রামা শংকর প্রসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোকামতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাষক পঙ্কজ চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি হিসেবে ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং মোকামতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শুভ্র শংকর প্রসাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদ হোসেন (তৌফিক), আহ্বায়ক, মোকামতলা উপজেলা বিএনপি ও প্রতিমন্ত্রীর উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকন-উদ-দৌলা রুবেল, সদস্য সচিব, মোকামতলা উপজেলা বিএনপি; রুহুল আমিন (ফটু), যুগ্ম আহ্বায়ক, মোকামতলা উপজেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবেন্দ্র মুস্তাফি, পবন কুমার সরকার, স্বপন চন্দ্র পাল, ধন্য মোহন্ত, লক্ষণ পাল, অরুণ অধিকারীসহ মোকামতলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্মীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, ধর্মীয় উৎসবের পাশাপাশি এমন আয়োজন সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জন্মাষ্টমীর শোভাযাত্রাটি আনন্দঘন ও উৎসবমুখর হয়ে ওঠে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে সফলভাবে সম্পন্ন হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এ বর্ণাঢ্য আয়োজন। বৃষ্টির মধ্যেও ভক্তদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে করে তোলে স্মরণীয়।
শিবলী ছাদিক, মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: 

























