
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ বা মধ্যবয়সী (আনুমানিক ৫৫ বছর) পুরুষ নিহত হয়েছেন।
স্থান সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পিছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকদের ঘোষণার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় উদঘাটনে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে জানানো হয়েছে এবং রেলওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।
অনলাইন ডেস্ক 

























