
গাড়ি পার্কিং নিয়ে সামান্য তর্কাতর্কির জের ধরে সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাভার মডেল থানাধীন বড়দেশী গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহতের নাম মো. আলতাফ হোসেন (বিপি নং-৬৮৮৬০৫০৬০০)। এ ঘটনায় তার ছেলে আরিফ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলতাফ হোসেন ডিএমপিতে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশী এলাকায় ভাড়া থাকতেন এবং সেখানে তার মালিকানাধীন একটি ছোট টিনশেড পোশাক কারখানা ছিল। শনিবার রাতে কারখানার সামনে মালামাল বহনকারী একটি অটোরিকশার পার্কিং নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে পরবর্তীতে ১৫ থেকে ২০ জনের একটি দল সংগঠিত হয়ে কারখানায় হামলা ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে আলতাফ হোসেন ও তার ছেলেকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।
প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই আলতাফ হোসেনের মৃত্যু হয়।
সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই যৌথ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে জহুরুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক 

























