
দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে প্রায় ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দাদের তীব্র বাধায় ভারতের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এর পর থেকেই গোটা সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানা যায়, দাউদপুর সীমান্তের ২৮৯/৫১-এস ও ২৮৯/৫৬-এস নম্বর সীমানা পিলারের কাছাকাছি, ভারতের অভ্যন্তরে নিচা গোবিন্দপুর এলাকায় ওই নারী-পুরুষদের জড়ো করে রাখে বিএসএফ। তারা বিচ্ছিন্নভাবে শূন্যরেখার ২০ থেকে ৩০ গজ ভারতের ভেতরে অবস্থান করছে।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম জানান, বিএসএফের পুশ ইন চেষ্টার বিষয়টি টের পেয়েই দ্রুত বিজিবিকে সাথে নিয়ে স্থানীয় বাসিন্দারা সীমান্তে অবস্থান নেন। সবার যৌথ বাধায় ভারতের দিক থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রুখতে বর্তমানে সীমান্তে বিজিবি, গ্রাম পুলিশ, আনসার ও সাধারণ বাসিন্দারা রাত জেগে কড়া পাহারায় রয়েছেন।
প্রতিবাদের সুর তুলে স্থানীয় বাসিন্দা মাহাফুজুর রহমান বলেন, “জীবন থাকতে আমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঢুকতে দেব না। প্রয়োজনে লাঠি হাতে গ্রামবাসী সারারাত সীমান্ত পাহারা দেবে।”
দাউদপুর বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মাহাবুবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির দৃঢ় পদক্ষেপ ও স্থানীয় গ্রামবাসীর সহায়তায় বিএসএফের এই প্রচেষ্টা সম্পূর্ণ নস্যাৎ করা হয়েছে। ভারতীয় দিক থেকে আসা দলটিকে এক পা-ও এগোতে দেওয়া হয়নি। বর্তমানে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
অনলাইন ডেস্ক 
























