
টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার সকালে উনচিপ্রাং সীমান্ত এলাকা এবং রেজুখাল চেকপোস্টে পরিচালনা করা এসব অভিযানে মোট ১ লাখ ৬৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
-
উনচিপ্রাং সীমান্ত অভিযান: সোমবার রাতে ৬৪ বিজিবির উনচিপ্রাং বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জসিমের ঘের এলাকায় অবস্থান নেয়। মিয়ানমার সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের সময় দুইজনকে সন্দেহ হলে বিজিবি তাদের থামতে বলে। পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে হেলাল মিয়া (২৫) নামের একজনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
-
রেজুখাল চেকপোস্ট অভিযান: মঙ্গলবার সকালে ৩৪ বিজিবির অধীনে রেজুখাল চেকপোস্টে ক্যানাইন ইউনিটের (বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর) সাহায্যে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। গাড়ির বিশেষ বক্সে লুকিয়ে রাখা ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক মোহাম্মদ নুরকে (২৬) গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়।
আটক মোহাম্মদ নুর টেকনাফের রঙ্গীখালী এলাকার কালা চাঁনের ছেলে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ও ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
অনলাইন ডেস্ক 

























