
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩টি আন্তর্জাতিক দূরপাল্লার ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে আনুমানিক ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে দুবাই, মালয়েশিয়া ও চীন থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব মালামাল উদ্ধার করা হয়। পরদিন সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ তথ্যটি নিশ্চিত করেন।
উদ্ধারকৃত মালামালের তালিকা ও সংশ্লিষ্ট যাত্রী:
-
এমিরেটস এয়ারলাইন্স (ইকে ৫৮৪ – দুবাই): গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী আবদুল করিমের ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
-
এয়ারএশিয়া (একে ৭১ – মালয়েশিয়া): যাত্রী শিপনের ব্যাগেজ তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৪টি ভেপ।
-
ইউএস-বাংলা এয়ারলাইন্স (বিএস ৩২৬ – গুয়াংজু, চীন): কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮টি এবং শামীমা আক্তারের কাছ থেকে ৪৬টি সহ মোট ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
আটককৃত এসব পণ্যের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অনলাইন ডেস্ক 

























