
রাঙ্গামাটির সাজেকে বহুল আলোচিত শান্তি লাল চাকমা হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। পিতাকে হত্যার দায়ে ছোট ছেলে সোহেল চাকমা এবং ভাতিজা আলোময় চাকমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক। একই সাথে আদালত তাঁদের উভয়কেই ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে বাঘাইছড়ি উপজেলার সাজেক থানার ভাইবোনছড়া এলাকা থেকে শান্তি লাল চাকমাকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁকে নির্মমভাবে গলায় গামছা পেঁচিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের পর আসামিরা নিহতের গলা থেকে রক্ত পান করে মরদেহ কাচালং নদীতে ফেলে দেয়। ঘটনার আট দিন পর নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বিচারিক প্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং দণ্ডপ্রাপ্ত দুই আসামির আদালতে দেয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে দণ্ডবিধির ৩০২ ধারায় তাঁদের অপরাধ প্রমাণিত হয়। রায় ঘোষণার সময় বিচারক ঘটনাটিকে অত্যন্ত বিরল ও মানবতাবিরোধী উল্লেখ করেন।
রায় ঘোষণার পর গ্রেপ্তারকৃত সোহেল চাকমাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে জামিনে গিয়ে পলাতক থাকা আলোময় চাকমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদ ইকবাল জানান, পারিবারিক বিরোধের কারণে সোহেল চাকমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং হত্যাকাণ্ডে তাঁর সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে তিনি জানান।
অনলাইন ডেস্ক 
























