
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে পূর্বে দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) একযোগে বাতিল করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। গত ২২ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সনদগুলো বাতিলের আদেশ দেওয়া হয়, যা বাস্তবায়নের পরপরই বন্ধ হয়ে যায় আমদানির সব কার্যক্রম।
সংবাদের সত্যতা নিশ্চিত করে আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, মৎস্য অধিদপ্তরের পাঠানো নির্দেশনার চিঠি তারা হাতে পেয়েছেন। বিপুল পরিমাণ অনাপত্তি সনদ বাতিল হয়ে যাওয়ায় আমদানিকারকরা বড় ধরনের বিপাকে পড়েছেন বলে জানান তিনি।
এদিকে, আকস্মিক এ সিদ্ধান্তে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই অসন্তোষ প্রকাশ করে বলেন, “হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় আমরা ব্যাপক ক্ষতির শিকার হচ্ছি। বাংলাদেশে আনার উদ্দেশ্যে ভারতের বাজারে আগে থেকেই ইলিশ কিনে রাখা হয়েছিল। এখন বাধ্য হয়ে কম দামে তা সেখানে বিক্রি করে দিতে হচ্ছে। এর পাশাপাশি যাতায়াত ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।”
অনলাইন ডেস্ক 
























