
অপরাধ বা অপকর্মের সাথে যুক্ত কাউকে বিএনপি প্রশ্রয় দেয় না উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, দল কিংবা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সিদ্ধান্তই যথেষ্ট।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
সম্প্রতি রাজধানীর মিরপুরে ‘রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্র’ ভাঙচুর ও উচ্ছেদের ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতাকর্মীদের নাম আসে। এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠায়, দলীয় হাইকম্যান্ডের নির্দেশে তাকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়।
এই সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে রাশেদ খাঁন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশেই সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন। বিএনপি যে কোনো ধরনের অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না এবং অভিযোগের প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়, এই পদক্ষেপের মাধ্যমে তা আবারও স্পষ্টভাবে প্রমাণিত হলো।
পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও যদি তাদের দলের আমির ডা. শফিকুর রহমান একইভাবে কঠোর হয়ে পদত্যাগে বাধ্য করতেন, তবে হয়তো শিশু মরিয়মকে অকালে প্রাণ হারাতে হতো না।
তিনি আরও উল্লেখ করেন, দেশ ও জাতির কল্যাণে প্রধানমন্ত্রী যে দূরদর্শী পরিকল্পনা ও উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছেন, তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। ব্যক্তির নিজস্ব কোনো অপরাধের দায়ভার প্রধানমন্ত্রীর কোনো ভালো উদ্যোগকে মলিন করতে পারবে না এবং তিনি কাউকে সেই সুযোগ দেবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই কর্মকর্তা।
অনলাইন ডেস্ক 

























