
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে দেখা দেওয়া প্রধান নিরাপত্তা ভালভের (সেফটি ভালভ) ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে। মেরামত শেষে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি)-এর কার্যকারিতা পরীক্ষা করা হয়, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জায়েদুল হাসান।
তিনি জানান, রূপপুরের মেইন কন্ট্রোল রুম এবং ইমার্জেন্সি কন্ট্রোল রুম—উভয় স্থান থেকেই যৌথভাবে এই পরীক্ষা পরিচালনা করা হয়। পরীক্ষার মাধ্যমে কন্ট্রোল ভালভ এবং মেইন সেফটি ভালভের প্রতিক্রিয়া, খোলা ও বন্ধ হওয়ার পুরো প্রক্রিয়া এবং অ্যালার্ম ব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্ধারিত নিরাপত্তা নীতি ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে সম্পন্ন হয়।
ড. জায়দেুল হাসান বলেন, “রিঅ্যাক্টরের প্রাইমারি সার্কিটে সঠিক ও নিরাপদ চাপ ধরে রাখতে পিওআরভি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কমিশনিং প্রক্রিয়ার একটি বড় সাফল্য।” তিনি আরও উল্লেখ করেন যে, নির্ধারিত সময়সীমার চেয়ে নিরাপত্তাকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে এবং পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে আরও একটি পরীক্ষা চালানো হবে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান যে, সেফটি ভালভের কারিগরি সমস্যার কারণে প্রথম ইউনিটের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে রুশ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর ২২ সেপ্টেম্বর ৫ সদস্যের একটি রুশ বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। দেশি ও রুশ বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় ত্রুটিটি সফলভাবে দূর করা সম্ভব হয়।
অনলাইন ডেস্ক 

























