
জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তার স্থান খালি হতেই পর্তুগাল জাতীয় দলে তার বিখ্যাত ‘৭ নম্বর’ জার্সিটি তুলে দেওয়া হয়েছে তরুণ তারকা রাফায়েল লেওয়ের হাতে। ডেনমার্কের বিরুদ্ধে আসন্ন ম্যাচের জন্য ঘোষিত পর্তুগাল স্কোয়াডে লেওকে রোনালদোর সেই আইকনিক নম্বরটি দেওয়া হয়েছে।
ইতালিয়ান সাংবাদিক ও প্রখ্যাত দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, জাতীয় দলের আগামী দুটি ম্যাচে পর্তুগালের হয়ে ৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন লেও।
এর আগে বুধবার হঠাৎ করেই পর্তুগালের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যান রোনালদো। বেশ কিছু দিন ধরেই পর্তুগাল কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলছিল। নরওয়ের বিপক্ষে জয় পাওয়া ম্যাচেও রোনালদোকে পুরো সময় বেঞ্চেই বসে থাকতে দেখা যায়।
গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নিয়মিত একাদশে জায়গা না পাওয়া এবং কোচের সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হওয়াতেই রোনালদো এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে।
ক্যাম্প ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো জানান, সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই তিনি এই পদেক্ষেপ নিয়েছেন। তবে এখনই সব কারণ প্রকাশ্যে আনছেন না তিনি। সঠিক সময়ে ভক্ত ও দেশবাসীর কাছে নিজের এই সিদ্ধান্তের পেছনের সত্য তুলে ধরবেন বলে জানান পর্তুগিজ অধিনায়ক। সেই সঙ্গে জাতীয় দলের প্রতি নিজের ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেশের জন্য তিনি সবসময় নিজের সেরাটা দিয়ে এসেছেন।
অনলাইন ডেস্ক 

























