
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতির সময় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে রামদা, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। তবে অভিযানের সময় সুযোগ বুঝে ডাকাত দলের আরও ৩-৪ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
গত রবিবার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ইসপাইসি হোটেলের বিপরীত পাশে (ঢাকা অভিমুখী সড়ক) এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পারভেজ (৩৬), প্রান্ত (২৮), রোহান (২২), ডালিম (৪৮), নাজমুল (২৮) এবং অন্তর (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে নিয়মিত টহলে থাকা অবস্থায় পুলিশ গোপন সংবাদ পায় যে, ৯-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সিএনজিযোগে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি তালা কাটার, দুটি রামদা, একটি ছুরি, একটি দা, একটি লোহার রড, একটি সেলাই রেঞ্জ ও একটি প্লাস উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা সিএনজি (নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫) তল্লাশি করে আরও তিনটি লোহার রড জব্দ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা মহাসড়কে পথচারী ও যানবাহন লক্ষ্য করে ডাকাতি করার উদ্দেশ্যেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে জড়ো হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অপরাধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
অনলাইন ডেস্ক 
























