
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুল আজিম রিংকু (৫০) মারা গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৬:৩০ মিনিটে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত ওবাইদুল আজিম রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিস্ত্রিপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ইটভাটা ও ফিলিং স্টেশন ব্যবসার সাথে যুক্ত ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে রিংকু জ্বরে আক্রান্ত হন। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে সোমবার রাত ১টার দিকে তাকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের বন্ধু কামরুল হাসান জুয়েল জানান, রিংকুর পাশাপাশি তার স্ত্রী ও দুই সন্তানও বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত। এর মধ্যে তার স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন জানান, বর্ষার জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ায় জেলায় ডেঙ্গুর উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তিনি ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার পাশাপাশি সবাইকে ব্যক্তিগতভাবে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।
অনলাইন ডেস্ক 
























