
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় রান্নার সময় আগুন লেগে দুটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গিরিসপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে গিরিসপুর এলাকার নূরু মিয়ার বাড়ির একটি ঘরে রান্না চলছিল। এ সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে পাশের আরেকটি বসতবাড়িতেও আগুন ছড়িয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুনের খবর পেয়ে স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে মিঠামইন ফায়ার সার্ভিসের পাশাপাশি ইটনা ও অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ঘরে রান্নার সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাশের আরেকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একইভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কিশোরগঞ্জ প্রতিনিধি 

























