
জামালপুর শহরকে শতভাগ মাদকমুক্ত করার লক্ষ্যে এক অভিনব ও কঠোর অভিযান শুরু করেছে জেলা পুলিশ। জামালপুরের পুলিশ সুপার (এসপি) ফারহানা ইয়াসমিনের নিজস্ব উদ্যোগে এখন থেকে সন্দেহভাজন মাদকাসক্তদের আটক করে চালানো হচ্ছে ডোপ টেস্ট।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন সন্দেহভাজনকে আটক করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ে তাদের ডোপ টেস্ট করা হলে চারজনের শরীরেই মাদকের উপস্থিতি ধরা পড়ে। টেস্টের ফলাফলের ভিত্তিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, শহরের মাদক কারবারি ও সেবীদের নির্মূল করতে নিয়মিত অভিযানের পাশাপাশি এই ডোপ টেস্ট কার্যক্রম চালু থাকবে। টেস্টে মাদকের অস্তিত্ব মিললেই তাৎক্ষণিকভাবে আসামিদের আদালতে সোপর্দ করে আইনি সাজা নিশ্চিত করা হচ্ছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, “ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া। তা সত্ত্বেও শহরকে মাদকমুক্ত করার স্বার্থে আমি ব্যক্তিগত অর্থায়নে এই উদ্যোগটি চালিয়ে যাচ্ছি। জুডিশিয়াল প্রসেস মেনে এ সাজা দেওয়া হচ্ছে এবং জামালপুরকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
অনলাইন ডেস্ক 

























