
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত, অপদস্থ ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন ভিসির ব্যক্তিগত সহকারী (পিএস) ও সেকশন অফিসার নাজমুল হোসাইন।
মামলা দায়েরের পর রাতেই নগরীর প্যারামেডিক্যাল এলাকা থেকে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক লাঞ্ছনা, বিশ্ববিদ্যালয়ের মালামাল লুটপাট এবং ভিসিকে অবরুদ্ধ করে রাখার সুনির্দিষ্ট অভিযোগে এই মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
উপাচার্যকে পদত্যাগে বাধ্য করা ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন।
এদিকে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত হলেও স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. মোফাখখারুল ইসলাম ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ে এখনো স্বাভাবিক কাজের পরিবেশ ফিরে আসেনি। উপাচার্যের মতো সর্বোচ্চ পদে আসীন ব্যক্তির সাথে এমন আচরণের পর পুরো ক্যাম্পাসে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র নিরাপত্তাহীনতা ও আতঙ্ক কাজ করছে।”
অনলাইন ডেস্ক 

























