
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলা এবং দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে ‘পতিত দোসররা’ নানা ধরনের অপচেষ্টা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ বিষয়ে দেশের সর্বস্তরের জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
কর্মসূচিতে বক্তব্য রাখার সময় রিজভী জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সম্পূর্ণ জনগণের সরকার। এখানে কোনো ধরনের অপরাধ, অপকর্ম বা নৈরাজ্যকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।
সম্প্রতি পুলিশের গাড়ি থেকে এক শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার ঘটনা টেনে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, কড়া নিরাপত্তার মধ্যেও পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে? এ ঘটনার পেছনে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তিনি।
পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, আগাম সচেতনতা তৈরি করা গেলে ডেঙ্গু মহামারি অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বাসাবাড়ির আশপাশে জমানো পানি পরিষ্কার রাখার নির্দেশনা দিয়েছেন, যাতে মশার বংশবৃদ্ধি রোধ করা যায়। এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে আগে যেখানে ডেঙ্গু পরীক্ষার জন্য ফি নেওয়া হতো, এখন তা সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনলাইন ডেস্ক 
























