
পড়াশোনার পাশাপাশি নারী শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের নারীদের সাফল্য আরও ছড়িয়ে দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের নারীরা কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করবে—এটিই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের দাবা, ব্যাডমিন্টন, ফুটবল কিংবা ক্রিকেটের মতো যে খেলায় আগ্রহ রয়েছে, সেখানে তাদের পূর্ণ সুযোগ দিতে হবে।”
খেলার সুযোগ তৈরিতে মাঠ, প্রশিক্ষণ, কোচিং কিংবা সরঞ্জামের কোনো অভাব থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে তার পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে সরকার আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, এ কাজে অভিভাবক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে যৌথভাবে এগিয়ে আসতে হবে। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি রুনা লায়লা রুনা। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেন।
অনলাইন ডেস্ক 

























