
মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই অভিযানে প্রায় ৭ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে।
রোববার চাঁদপুরের বিভিন্ন নদীর মোহনা ও খালে পরিচালিত এই অভিযানে মোট ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২২টি অন্যান্য জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এই জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।
চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লাঘাট, চাঁদপুর মোহনা, গাজীরটেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদ।
স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে নিয়মতান্ত্রিক উপায়ে জব্দ করা সমস্ত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার-এর বক্তব্য: লেফট্যানেন্ট কমান্ডার ফায়িজ কাফী জানান, মা ইলিশের প্রজনন সুরক্ষা, অবৈধ মাছ শিকার রোধ এবং দেশের জাতীয় মৎস্যসম্পদ রক্ষার্থে নৌবাহিনীর এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও তদারকি চলছে।
উল্লেখ্য, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালিত হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সব ধরনের ইলিশ ধরা, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
অনলাইন ডেস্ক 

























