
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তির প্রক্রিয়া অত্যন্ত ইতিবাচকভাবে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, প্রস্তাবিত ঋণ কর্মসূচির অধিকাংশ শর্তের সঙ্গেই বাংলাদেশ একমত পোষণ করেছে।
সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের সঙ্গে নতুন পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট চূড়ান্ত করার কাজ চলছে, যার মাধ্যমে আগামী দিনের সহযোগিতা আরও সুদৃঢ় হবে। এছাড়া আইএমএফের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, কিছু শর্ত ও সিকোয়েন্সিং (পর্যায়ক্রমিক বাস্তবায়ন) নিয়ে আলোচনা হলেও পারস্পরিক আলোচনার মাধ্যমেই এগুলোর সমাধান সম্ভব হবে।
উল্লেখ্য, থাইল্যান্ডের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এই বিশ্ব অর্থনৈতিক নীতি-নির্ধারণী সম্মেলনে ১৯১ দেশের প্রায় ১৫ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।
অনলাইন ডেস্ক 

























