
বিএনপি নেতৃত্বাধীন সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প এবং সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। গত সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অনিয়মের অভিযোগ তোলেন।
পোস্টে সারোয়ার তুষার লেখেন, ‘দুর্বার গতিতে এগিয়ে চলছে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প!’—এই মন্তব্য করে তিনি কিছু নির্দিষ্ট ঘটনার উদাহরণ তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনোয়ার হোসেনের ছেলে মাবরুক আল ইসলাম জোয়াদ, যিনি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আজীবন বহিষ্কৃত—তিনিও সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।
শুধু তাই নয়, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানের ছেলে তানভির রাফসান, যিনি কুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তাকেও ডিমলা সদর ইউনিয়নের ডিলারের দায়িত্ব দেওয়া হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।
এনসিপি নেতার দাবি, সারা দেশেই একইভাবে প্রভাবশালী নেতা বা এমপিদের আত্মীয়স্বজন—যেমন স্ত্রী, শ্যালক, ভাই বা ভাগ্নেরা ডিলারশিপ বাগিয়ে নিচ্ছেন। এই পুরো ব্যবস্থার পেছনের কারণ হিসেবে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মন্তব্য টেনে তিনি শেষ করেন—‘সবই টাকার খেলা।’
অনলাইন ডেস্ক 

























