
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বাকযুদ্ধ ও আক্রমণাত্মক মন্তব্য বিনিময় হয়েছে। ফেসবুকে একে অপরকে নিয়ে করা এই পোস্ট ও কমেন্ট বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সারজিস আলমকে উদ্দেশ্য করে একটি দীর্ঘ ও কড়া পোস্ট দেন রাশেদ খান। সেই পোস্টে তিনি অভিযোগ করেন যে, অতীতে ছাত্রলীগের পদ পাওয়ার জন্য সারজিস তৎকালীন ছাত্রলীগ নেতাদের আনুকূল্য লাভের চেষ্টা করেছিলেন এবং জুলাই অভ্যুত্থানের সময়ও তার ভূমিকা ও অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। রাশেদ খানের দাবি, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন কিংবা পরবর্তী বিভিন্ন সময়ে সারজিস আলমের ভূমিকা সুবিধাবাদী ছিল এবং গণঅভ্যুত্থানের পর নানা সময়ে গোয়েন্দা সংস্থার গাড়িতে ঘুরে বেড়ানোর মতো ঘটনাও ঘটেছিল।
রাশেদ খানের এই পোস্টের নিচে নজর এড়ায়নি সারজিস আলমের। তিনি মন্তব্যের ঘরে রাশেদ খানকে সরাসরি আক্রমণ করে লেখেন, ‘যত যাই বলেন না কেন ভাই, যতই ফুটেজ খাওয়ার চেষ্টা করেন; মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না।’
রাজনীতিবিদদের এই ভার্চুয়াল দ্বন্দ্ব এবং একে অপরের প্রতি এমন তীব্র ভাষায় আক্রমণ সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
অনলাইন ডেস্ক 

























