
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন। সাম্প্রতিক সময়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্ত এবং পরবর্তীতে তা ‘ভুয়া’ প্রমাণিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন—
“বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভূয়া। এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি।”
পোস্টে ইশরাক হোসেনের দলীয় সমর্থকদের অবস্থান নিয়েও মন্তব্য করেন এনসিপি এই নেতা। তিনি উল্লেখ করেন, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে ইশরাক হোসেন নিজের দলের ভেতর লুকিয়ে থাকা সেইসব সহচরদের চিনতে পেরেছেন, যারা তার পদত্যাগের খবরে মূলত আনন্দিত বা উল্লাসিত হয়েছিলেন।
পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করার পরামর্শ দেন। একইসঙ্গে, ইশরাকের পদত্যাগের গুঞ্জন বা খবরের নেপথ্যে পার্থের কোনো ইন্ধন বা ভূমিকা ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
অনলাইন ডেস্ক 

























